
পাঁচবিবিতে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত।
শাহাবউদ্দিন ইসলাম,আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে কাঁটাতার ও বাঁশের বেড়া নির্মাণের চেষ্টা করেছে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ বেড়া নির্মাণ বন্ধ রেখে চলে যায়।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ এই এলাকায় আর বেড়া নির্মাণ করবেনা বলে জানায়।
জানা গেছে, মঙ্গলবার সকালে ভারতীয় চকগোপাল ক্যাম্পের বিএসএফ সদস্যরা বাংলাদেশ অংশের ২০ বিজিবি হাটখোলা বিওপির আওতাধীন পূর্ব উচনা গ্রামের জিরো পয়েন্ট থেকে ২৫ থেকে ৩০ গজ দূরে ভারতীয় অংশে কাঁটাতার ও বাঁশের বেড়া নির্মাণ শুরু করেন। এসময় স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। খবর পেয়ে হাটখোলা বিওপির বিজিবি সদস্যরা বাধা দিলে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। এরপর বিজিবি সদস্যদের বাধার মুখে বিএসএফ বেড়া নির্মাণের নির্মাণসামগ্রী নিয়ে চলে যেতে বাধ্য হন।
জয়পুরহাট-২০ বিজিবি হাটখোলা ক্যাম্পের নায়েব সুবেদার শাহাজান সরকার খবরের কাগজকে বলেন, সকালের ঘটনা নিয়ে বিকেল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত দুই দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। এসময় বিএসএফ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা এখানে আর বেড়া দিবেনা। আর যেই বেড়া দিয়েছে তা তারা কালকের মধ্যে হয়তো তুলে নিবে। বৈঠকে বিএসএফের ভারতীয় চকগোপাল ক্যাম্পের কোম্পানী কমান্ডার জিতেন্দ্র কুমার উপস্থিত ছিলেন।