
নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের আন্দোলনের কারণে সাভার ও আশুলিয়ার ৫০টি পোশাক কারখানায় আজ শনিবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কারখানায় উপস্থিত হলেও কাজে যোগ না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী আরও ১১টি কারখানা বন্ধ রয়েছে বলে জানিয়েছে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিভিন্ন কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে গেলেও অধিকাংশ কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন চলছিল। তবে সকাল ৮টার পরিবর্তে ৭টায় কর্মঘণ্টা শুরু করার সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ দেননি। তাঁরা শুধু কার্ড পাঞ্চ করে কারখানার নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
একই কারণে আশুলিয়ার আরও কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে অংশ না নেওয়ায় সেসব কারখানাও দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় উৎপাদন চালু থাকা কয়েকটি কারখানার সামনে একদল শ্রমিক অবস্থান নিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়।
আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।