
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শাহামির আহমেদ শুভ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে গোপাইলার বাড়ী মেইন রোড পর্যন্ত দীর্ঘদিন ধরে অবহেলিত একটি রাস্তা পরিদর্শন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হাজী মো. নুরনবী ভূঁইয়া। এ সময় তিনি রাস্তাটি দ্রুত সংস্কার ও উন্নয়নকাজ সম্পন্ন করার আশ্বাস দেন।
পরিদর্শনকালে স্থানীয় গ্রামবাসী জানান, রাস্তাটি প্রায় ৪০ বছরের পুরোনো। দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে রাস্তাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। ফলে দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রাস্তাটির উন্নয়নকাজ সম্পন্ন হলে প্রশাসক হাজী মো. নুরনবী ভূঁইয়ার প্রতি কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তাঁরা।
এ সময় প্রশাসক হাজী মো. নুরনবী ভূঁইয়া বলেন, “আমি প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর থেকেই গুতিয়াব আগারপাড়ার বাসিন্দারা আমাকে এই রাস্তাটির সমস্যার কথা জানিয়েছেন। তাঁদের দাবির পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় আজ রাস্তাটি পরিদর্শন করেছি।”
তিনি আরও বলেন, “আমি আশ্বস্ত করছি, অতি দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করার উদ্যোগ নেব। বিভিন্ন কোম্পানির জটিলতা নিরসন করে যেভাবেই হোক রাস্তাটি নির্মাণ করে দেব।”
রাস্তাটি উন্নয়নের আশ্বাস পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন।