
মোঃ তানভীর হোসাইন, জামালপুর জেলা প্রতিনিধি:
টানা ১০০ ঘন্টা অর্থাৎ পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী।
শনিবার (১৪ নভেম্বর) দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে ওই নারীকে শূন্য রেখায় অবস্থান করতে দেখা গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওই নারী। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তীব্র রোদ ও রাতের কুয়াশায় খোলা আকাশের নিচে কাটছে তাঁর সময়।
সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত ১০ নভেম্বর (মঙ্গলবার) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন।
জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন।
এবিষয়ে জানতে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান-কে শনিবার বেলা ১২ টা থেকে চার বার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।