
আফতাবুল ইসলাম মেহেরাব:
চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন উপজেলা শাখার উদ্যোগে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে উপজেলার দুর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন হাইমচর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া, পরীক্ষা কেন্দ্র সচিব আব্দুল লতিফ, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।
এদিকে, কোনো শিক্ষার্থী মেধাবৃত্তি অর্জন করতে না পারলেও তাকে বকাঝকা না করে উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন আয়োজকরা। তাঁদের মতে, একটি পরীক্ষার ফলাফলই জীবনের চূড়ান্ত সাফল্য নির্ধারণ করে না। বরং অভিভাবকদের ইতিবাচক মনোভাব ও অনুপ্রেরণা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সন্তানদের আত্মবিশ্বাসী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।