
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পরামর্শক্রমে চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে ‘সাংবাদিক প্রতিনিধি’ হিসেবে মনোনীত হয়েছেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক দেশ রূপান্তর ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক মো. নুরুল আলম।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে দোহাজারী পৌরসভা এলাকায় চন্দনাইশ প্রেস ক্লাবের আয়োজনে তাঁকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা সভা চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সংবর্ধিত অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম।
সভায় বক্তব্য রাখেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি ও চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নাছির উদ্দীন বাবলু, দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আজগর আলী সেলিম, চন্দনাইশ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম ফয়েজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াছিন ইসলাম হৃদয়, সাহিত্য-সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক গৌতম কান্তি দাশ, সদস্য মো. লোকমান হাকিম, সদস্য জাহেদ হোসেন খান, ছৈয়দ শাহাবুদ্দিন মোহাম্মদ আজিজ চন্দনাইশীসহ চন্দনাইশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
সভায় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তারা সাংবাদিক মো. নুরুল আলমকে অভিনন্দন জানান এবং এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
সভায় বক্তারা বলেন, “সাংবাদিক মো. নুরুল আলম দীর্ঘদিন ধরে চন্দনাইশের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরছেন। তিনি একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক।”
দোহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য আজগর আলী সেলিম বলেন, “উপজেলা হাসপাতালের সেবার মান বাড়াতে একজন সাংবাদিক প্রতিনিধি খুবই দরকার ছিল। এমপি মহোদয় সঠিক মানুষকে সঠিক জায়গায় মনোনীত করেছেন।”
দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি ও চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরী সদস্য নাছির উদ্দীন বাবলু বলেন, “আমরা আশা করি, সাংবাদিক মো. নুরুল আলম হাসপাতালে সাধারণ রোগীরা যাতে হয়রানির শিকার না হয়, ডাক্তার-নার্স ঠিকমতো সেবা দেয়, সেদিকে নজর রাখবেন।”
চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল বলেন, “এই মনোনয়ন শুধু সাংবাদিক মো. নুরুল আলমের একার সম্মান নয়, এটা চন্দনাইশের সব সাংবাদিকের সম্মান।”
সংবর্ধিত অতিথি মো. নুরুল আলম তাঁর বক্তব্যে এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য অনেক বড় সম্মানের। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চন্দনাইশ উপজেলা হাসপাতালের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবো। হাসপাতালে কোনো অনিয়ম থাকলে তা তুলে ধরবো।”
তিনি আরও বলেন, “চন্দনাইশ প্রেস ক্লাব আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমি চিরকৃতজ্ঞ। সবার দোয়া চাই।”
ছবির ক্যাপশন: চন্দনাইশ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ায় চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলমকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করছেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ।