
রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজারচর হাসান ভূঁইয়ারহাট সড়কের একটি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহদাত হোসেন (১৯), আবদুল করিম (১৭) ও মো. শামীম (২২)। তাঁদের সবার বাড়ি সুবর্ণচরের পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামে। তাঁদের মধ্যে করিম স্থানীয় পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী পরীক্ষা শেষে তিন বন্ধু ভাড়ায় নেওয়া একটি মোটরসাইকেলে করে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাচ্ছিলেন। পথে দ্রুতগতিতে যাওয়ার সময় কাঞ্চন বাজার এলাকায় একটি নতুন সেতু পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই শাহদাত ও করিমের মৃত্যু হয়। গুরুতর আহত শামীমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
একসঙ্গে ঘুরতে যাওয়ার পথে তিন বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।