
গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক।
সরকার শাহাদত হোসেন
গাইবান্ধার মাঠজুড়ে তখন সোনালি ফসলের অপেক্ষা। কোথাও আমন ধানে পাক ধরেছে, কোথাও বেরিয়েছে ধানের শিষ। আর কয়েক দিন পরই ঘরে উঠবে কৃষকের সারা বছরের পরিশ্রমের ফসল। কিন্তু সেই স্বপ্নে হঠাৎ দুশ্চিন্তার কালো মেঘ হয়ে এসেছে শিলাবৃষ্টি। ঝড়ো হাওয়া ও শিলার আঘাতে কোথাও পাকা-আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে, কোথাও ঝরে গেছে ধানের শিষ। এতে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন জেলার কৃষকেরা।
দিবাগত রাত ১১টার দিকে গাইবান্ধা সদর, সাদুল্লাপুরসহ জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, হঠাৎ করেই শুরু হওয়া ঝড়-বৃষ্টি ও শিলাপাত প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। এতে মাঠের উঠতি আমন ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েন কৃষকেরা।
গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের কৃষক নুরুল ইসলাম বলেন, রাতে হঠাৎ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। মাঠে এখন উঠতি আমন ধান। শিলার আঘাতে কতটুকু ক্ষতি হয়েছে, তা নিয়ে চিন্তায় আছি।
বিভিন্ন ইউনিয়নে মাঝারি আকারের শিলাবৃষ্টিতে আধাপাকা আমন ধানক্ষেত হেলে পড়েছে। কোথাও কোথাও পাকা ধানের শিষ ঝরে গেছে। নিচু জমিতে বৃষ্টির পানি জমে ধানের শিষ পানিতে পড়ে রয়েছে। এতে ফসলের ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকেরা।
প্রায় এক ঘণ্টাব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাঝারি আকারের শিলাবৃষ্টি ও বৃষ্টি হয়। এতে আমন ধানের পাশাপাশি সদ্য রোপণ করা আলুসহ রবি মৌসুমের বিভিন্ন ফসলের জমিতেও পানি জমেছে। ফলে ফসলের উৎপাদন ও গুণগত মান নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
কৃষকদের আশঙ্কা, জমিতে পানি জমে থাকা এবং শিলার আঘাতে ক্ষতিগ্রস্ত ধান দ্রুত শুকানো না গেলে পচন ধরতে পারে। এ কারণে কোনো কোনো এলাকায় পচনের ভয়ে কৃষকেরা অপরিপক্ব ধানও কেটে ঘরে তুলতে বাধ্য হচ্ছেন।