
মোঃ মাকসুদুর রহমান শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরে প্রতারণা, অর্থ আত্মসাৎ, অপচিকিৎসা, মামলাবাজি ও ধর্মীয় অনুভূতির অপব্যবহারের অভিযোগে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ওরফে শান্তানন্দ এবং তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও সচেতন সনাতন সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১৫ সাল থেকে প্রবীর চৌধুরী সাধুর পোশাক ধারণ করে সাধারণ মানুষের ধর্মীয় বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে প্রতারণা, ভুয়া দীক্ষা, অলৌকিকতার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং অপচিকিৎসার সঙ্গে জড়িত। এ ছাড়া বিভিন্ন মন্দিরের জায়গা দখলের চেষ্টা, চাঁদা দাবি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্রের অভিযোগও তোলেন তাঁরা।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, অতীতে জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা পুরোহিত কল্যাণ পরিষদ ও স্থানীয় নেতাদের চাপে মুচলেকা দিয়ে শেরপুর ত্যাগ করলেও সম্প্রতি তিনি সহযোগীদের নিয়ে আবারও এলাকায় নানা ধরনের নৈরাজ্য সৃষ্টি করছেন বলে অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন পলাশ চৌধুরী, দিলীপ পোদ্দার, প্রতিমা দাস, আশীষ দেসহ ভুক্তভোগীরা। এ সময় কয়েকশ ভুক্তভোগী ও সচেতন সনাতন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এতে অভিযুক্ত প্রবীর চৌধুরী ও তাঁর সহযোগীদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সুষ্ঠু বিচার, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং শেরপুরে তাঁদের কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রবীর চৌধুরী ও তাঁর সহযোগীদের বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।