
মোহাম্মদ ইমাম হোসাইন (ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম)
চট্টগ্রামের পতেঙ্গা থেকে টাইগারপাস পর্যন্ত নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশে মনোরম পরিবেশ তৈরি ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে লাখ লাখ টাকা ব্যয় করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) কর্তৃপক্ষ। কিন্তু সঠিক তদারকি ও পরিচর্যার অভাবে এখন সেসব সরকারি টাকায় কেনা লাখ লাখ টাকার গাছ নষ্ট হতে বসেছে।
স্থানীয়দের অভিযোগ, এক্সপ্রেসওয়ের নিচে সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে চসিকের উদ্যোগে একটি বৃহৎ বৃক্ষরোপণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে রোপণের পর নিয়মিত পানি না দেওয়া, সঠিক সুরক্ষা বেষ্টনী না থাকা এবং তদারকির চরম গাফিলতির কারণে বহু চারা গাছ ইতিমধ্যেই শুকিয়ে মারা গেছে। যেসব গাছ বেঁচে আছে, সেগুলোও পরিচর্যার অভাবে পথচারী ও প্রাণীদের উপদ্রবে নষ্ট হচ্ছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াতকারী এক যাত্রী আক্ষেপ প্রকাশ করে বলেন, “নগরীকে সবুজ ও সুন্দর করার সরকারি এই উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয় ছিল। কিন্তু লাখ লাখ টাকা খরচ করে গাছ লাগানোর পর যদি সেগুলো দেখভাল না করা হয়, তবে পুরো অর্থই জলে গেল।”
পরিবেশবাদীরা বলছেন, নগরীর সৌন্দর্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে শুধু গাছ রোপণই যথেষ্ট নয়, তা টিকিয়ে রাখার জন্য নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা অপরিহার্য। চসিকের পক্ষ থেকে দ্রত উদ্যোগ না নিলে এক্সপ্রেসওয়ের নিচের সম্পূর্ণ প্রকল্পটি ভেস্তে যেতে পারে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল এবং পথচারীরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করেছেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে লাখ টাকার সরকারি সম্পদ ও গাছের সুরক্ষার দাবি জানিয়েছেন।