
কালকিনি প্রতিনিধি রিপোর্ট: এস এম ছাব্বির ইসলামঃ
মাদারীপুর পৌরসভার আসমত আলী খান ব্রিজের ঢালে ময়লা ফেলার স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। একাধারে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে মহিলা ও শিশুসহ মোট ৮ জন আহত হয়েছেন।
সোমবার, ২৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রিজের ঢালে ময়লা ফেলার কারণে রাস্তাটি সরু হয়ে যায় এবং রাতের বেলায় আলো কম থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ২ জন মহিলা ও ১ জন শিশু রয়েছে বলে জানা গেছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ঢালে দীর্ঘদিন ধরে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে। এ কারণে সরু হয়ে যাওয়া রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত ময়লা অপসারণ করে রাস্তা প্রশস্ত করার দাবি জানিয়েছেন।