
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখতে বিশেষ শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে ফরিদপুর পৌরসভা। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে পড়াশোনা করা প্রথম ও দ্বিতীয় বর্ষের সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
পৌরসভার উদ্যোগ অনুযায়ী, নির্বাচিত প্রত্যেক শিক্ষার্থী মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন। একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুই বছর পর্যন্ত এ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।
বুধবার (১৯ আগস্ট) ফরিদপুর পৌরসভার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বৃত্তি কার্যক্রমের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।
বৃত্তির জন্য আবেদনকারীকে ফরিদপুর পৌরসভার যেকোনো ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। একই সঙ্গে তাকে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা সরকারি মেডিকেল কিংবা ডেন্টাল কলেজের প্রথম বা দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী হতে হবে। আবেদনকারীর পরিবারকে আর্থিকভাবে অসচ্ছল হওয়াও আবশ্যিক শর্ত হিসেবে রাখা হয়েছে। প্রয়োজন হলে আবেদনকারীর আর্থিক অবস্থার বিষয়ে সরেজমিন যাচাই করা হবে।
আবেদনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র, নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। তবে বৃত্তির জন্য চূড়ান্তভাবে কাকে নির্বাচিত করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পৌর কর্তৃপক্ষের কাছে থাকবে।
ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণকারী আবেদনকারীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য নির্বাচন করা হবে। বৃত্তি পাওয়ার পরও শিক্ষার্থীদের সংশ্লিষ্ট নিয়ম ও শর্ত মেনে চলতে হবে।
পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান বলেন, আর্থিক সংকট যেন মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বৃত্তি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ফরিদপুর পৌরসভার শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬