
রাজশাহী সীমান্তে ১৮৬ বোতল ভারতীয় মাদক জব্দ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৮৬ বোতল ভারতীয় মাদকদ্রব্য ‘Eskuf Syrup’ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের আটক করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) রাত ১২টা ৫০ মিনিটের দিকে চারঘাট থানার মুক্তারপুর নদীর পাড়ের বালুরঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালান, মাদকদ্রব্য ও নারী-শিশু পাচার প্রতিরোধে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, মুক্তারপুর নদীর পাড়ের বালুরঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় গিয়ে অবস্থান নেয়। দীর্ঘসময় অপেক্ষার পর বিজিবি সদস্যরা দেখতে পান, দুই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। তাদের মধ্যে একজনের মাথায় একটি বস্তা ছিল এবং অপরজন খালি হাতে ছিল।
বিজিবি সদস্যরা তাদের আটক করতে ধাওয়া করলে মাদক বহনকারী ব্যক্তি বস্তাটি ফেলে পালিয়ে যায়। এ সময় অপর ব্যক্তিও দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পড়ে থাকা বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১৮৬ বোতল ভারতীয় ‘Triprolidine Hydrochloride & Codeine Phosphate Eskuf Syrup’ জব্দ করেন।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ও অন্যান্য বিষয় যাচাই করা হচ্ছে। জব্দকৃত মালামাল চারঘাট মডেল থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, মাদকদ্রব্যের চালানটির সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্ট চোরাকারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।