
নিজস্ব প্রতিবেদক:
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, ইরান এমন কোনো যুদ্ধবিরতি চায় না যা শত্রুপক্ষকে পুনরায় হামলার সুযোগ করে দেয়।
তেহরান-এ আন্তর্জাতিক সংস্থার প্রধান ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। সেখানে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়েও কথা বলেন তিনি।
তার বক্তব্যে স্পষ্ট করা হয়, সম্ভাব্য যেকোনো যুদ্ধবিরতি চুক্তিতে ইরান নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।
ইরানের মেহের নিউজ এজেন্সি এ কথা জানিয়েছে। উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়। তবে তা এমন কোনো সংলাপ নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয়। কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়।
উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয়। আমরা বন্ধুদের (মধ্যস্থতাকারী) স্পষ্ট জানিয়েছি।’
সূত্র: আল–জাজিরা।