
রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এবার টাঙানো হয়েছে মালিকানার সাইনবোর্ড। মঙ্গলবার রাতের কোনো এক সময় কুমারপাড়া এলাকার পরিত্যক্ত ধ্বংসস্তুপের উপর ডা. দুর্জয় মৈত্রের নামে সাইনবোর্ডটি টাঙানো হয়। ইতিপূর্বে উক্ত পরিত্যক্ত জায়গায় টয়লেটের সাইনবোর্ড টাঙানোর কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হলে টা নামিয়ে ফেলা হয় ।
ওয়ারিশ সূত্রে জমিটির মালিক তিনি সাইনবোর্ডে এমন দাবি করা হয়েছে। ডা. দুর্জয় মৈত্র জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্যের ছেলে।
অ্যাডভোকেট পূর্ণিমা ভট্টাচার্য কাছে জানতে চাওয়া হলে তিনি রামপুর মৌজার আর এস ২৮১ দাগের জমির মালিক বলে দাবি করেন। দীর্ঘদিন অন্যরা দখল করে রেখেছিল। ২০১৬ সালে নিম্ন আদালতে ও ২০১৮ সালে আপিলের রায় তার পক্ষে যায়। এরপর থেকে আওয়ামী লীগ অফিসকে ভাড়া দেওয়া হয়েছিলো।
তিনি আরও জানান, এখন ওই জমির মালিকানা তার ছেলের। ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগের অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে সেখানে তার ছেলে সাইনবোর্ড টাঙ্গিয়েছে । জমিটির মালিক তারা, এ সংক্রান্ত আদালতের কাগজপত্র তাদের কাছে রয়েছে ।