
ষ্টাফ রিপোর্টার:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দী থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা ওসিম আকরাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুন নাহার, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিষা বিশ্বাস, বালিয়াকান্দী রিপোর্টার্স ইউনিটের সভাপতি সনজিত দাশ এবং মুনসুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরাধ্যা শাহা।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সমঅধিকার নিশ্চিত করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা জোরদার করা জরুরি। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় নারী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।