
জয়নাল আবেদীন জয়, স্টাফ রিপোর্টারঃ
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খালেদা বিবির স্বামী আব্দুল বাকি দীর্ঘদিন ধরে স্ত্রীকে সন্দেহ করে আসছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকত। অভিযোগ রয়েছে, বিভিন্ন সময় তিনি স্ত্রীর কাছে টাকা-পয়সা দাবি করতেন। শনিবার বিকেলে তিনি স্ত্রীর স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী পারিবারিক বৈঠকের আয়োজন করেন। বৈঠকের মাধ্যমে স্বর্ণের চেইন ও মোবাইল ফোন খালেদা বিবির কাছে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসী চলে গেলে স্বামী-স্ত্রী নিজ কক্ষে যান।
রাত আনুমানিক তিনটার দিকে সাহরির সময় বাসায় থাকা দুজন মৌসুমি কাজের লোক আব্দুল বাকিকে ডাকতে গেলে তিনি দরজা খুলে দ্রুত বেরিয়ে যান। পরে ঘরে গিয়ে খালেদা বিবিকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কালাই থানা তদন্ত কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিং বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ পলাতক স্বামীকে আটকের চেষ্টা চালাচ্ছে।