
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর-২ (সালথা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সালথায় ব্যাপক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মহড়া শুরু হয় সালথা বাজার থেকে, যা রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের বিভিন্ন বাজার এবং কেন্দ্রে ছড়িয়ে দেখা যায়। এই মহড়া ও টহল সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তার বোধ তৈরি করেছে। বাজারগুলোতে যৌথ বাহিনী তাদের উপস্থিতি ও শক্ত অবস্থান প্রদর্শন করে, ভোটারদেরকে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার বার্তা দেয়।
মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ, সালথা থানার ওসি মোঃ বাবলুর রহমান খান, নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ।
ওসি বাবলুর রহমান খান জানান, “সালথা থানার ৮টি ইউনিয়নে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে যৌথভাবে মহড়া চলবে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক রয়েছে যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন।”
সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, “সেনা সংবিধান অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষ থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালন করছে। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা সংক্রান্ত কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা আশা করি সকলের সহযোগিতায় অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।”
মহড়ায় কয়েক শত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন ভোটকেন্দ্রসহ পুরো উপজেলার তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রমে নিয়োজিত ছিলেন।