
পাংশা উপজেলা প্রতিনিধি মোঃ শাজাহান খানঃ
দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে পাংশায় ঋণ আদায় ও আমানত সংগ্রহের বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পাংশা শাখা প্রাঙ্গণে এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে গ্রাহকরা নিয়মিত ও বকেয়া ঋণ পরিশোধের পাশাপাশি নতুন আমানত হিসাব খোলা এবং নতুন ঋণ গ্রহণের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার উপ-মহাব্যবস্থাপক জনাব বাদল চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয় ফরিদপুরের সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক জনাব পংকজ কান্তি দাস।
পাংশা শাখার ব্যবস্থাপক মুহাম্মাদ রইচ উদ্দিন খান বলেন, “ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই বিশেষ ক্যাম্পের মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও সহজ ও হাতের নাগালে পৌঁছে দেওয়া হয়েছে। এতে ঋণ আদায় কার্যক্রমের পাশাপাশি নতুন আমানত ও ঋণ বিতরণ কার্যক্রমও গতিশীল হবে।”
ক্যাম্পে সেবা নিতে আসা ভুক্তভোগীরা সন্তোষ প্রকাশ করেন।
মো. নজরুল ইসলাম, হামরাট, কালুখালী, রাজবাড়ী বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে সহজেই বকেয়া ঋণ পরিশোধ করতে পেরেছি। ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতায় আমি নতুন করে আমানত হিসাব খোলার সিদ্ধান্ত নিয়েছি।”
একই এলাকার আমেনা খাতুন, খান্দুয়া মৌরাট, পাংশা, রাজবাড়ী জানান, “আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ঋণ নিয়ে আমি স্বাবলম্বী হয়েছি। আজকের ক্যাম্পে এসে নিয়মিত কিস্তি পরিশোধ করতে পেরে ভালো লাগছে।”
এছাড়া শুকুর আলী, চরলক্ষীপুর, যশাই, পাংশা, রাজবাড়ী বলেন, “এ ধরনের ক্যাম্প গ্রাম পর্যায়ে হলে আমাদের মতো সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ হয়।”
প্রধান অতিথির বক্তব্যে বাদল চন্দ্র দেবনাথ বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, ব্যাংকের ৩০ বছর পূর্তি উপলক্ষে ১৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি ২০২৬ পর্যন্ত দেশব্যাপী ‘গ্রাহক সেবা পক্ষ–২০২৬’ পালন করছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক। এরই অংশ হিসেবে পাংশা শাখায় এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়।