
স্টাফ রিপোর্টার: মোঃ মিজানুর রহমানঃ
রাজবাড়ীর পাংশায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় পাংশা জর্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. নুরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর ডা. মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্র ও জনকল্যাণমূলক রাজনীতির অন্যতম রূপকার, যার আদর্শ অনুসরণ করেই এ ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনের ধানের শীষের প্রার্থী হারুন অর রশীদ বলেন, জনগণের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার রাজনীতির মূল দর্শন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, ড্যাব নেতা ডা. মো. নুরুনবী ইসলাম নয়ন এবং ডা. ইকরামুল ইসলাম সৌরভ।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা দেন। চিকিৎসক দলের মধ্যে ছিলেন ডা. মো. নুরুল ইসলাম, ডা. মোহাম্মদ দেলোয়ার হুসাইন, ডা. ফজলে রাব্বি, ডা. মোহাম্মদ কুতুব আহমেদ, ডা. মো. গিয়াস উদ্দিন খান, ডা. খন্দকার শোয়েব হোসেন, নুসরাত জাহান চাঁদনী, ডা. শাকিল মাহমুদ, ডা. রুতাবা রহমান লিমা ও ডা. মো. নাজমুল হুদা।
ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।