
ইমদাদুল হক রানা, রাজবাড়ী প্রতিনিধি :
বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। ১৯৯৪ সাল থেকে ইউনেস্কোর উদ্যোগে দিবসটি শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ উদযাপিত হচ্ছে। বিশ্বের শতাধিক দেশে পালিত এ দিবসে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে থাকে।
এ বছর বিশ্ব শিক্ষক দিবস ২০২৫–এর প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে — “শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন”। প্রতিপাদ্যটি বাংলাদেশের চলমান শিক্ষাব্যবস্থা সংস্কার ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে অত্যন্ত সময়োপযোগী ও প্রাসঙ্গিক বলে মনে করছেন শিক্ষাবিদরা।
তারই ধারাবাহিকতায় রাজবাড়ীর কালুখালী উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কালুখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হামিদ খান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, কালুখালী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও এ.জেড.এম ছাকেন উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান আলী, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ লুৎফর রহমান, কালুখালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক খোন্দকার আব্দুল ওহাব, এবং কালুখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিপ্রা রানী ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার।
বক্তারা তাদের আলোচনায় শিক্ষক সমাজের ভূমিকা, শিক্ষা উন্নয়নে তাদের অবদান এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের গুরুত্বের ওপর বিস্তারিত আলোকপাত করেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ বলেন,“শিক্ষক সমাজ একটি জাতির বিবেক। তাদের হাত ধরেই গড়ে ওঠে একটি সুশিক্ষিত জাতী, উন্নত দেশ। আজকের এই দিনে আমরা শিক্ষক সমাজের অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আধুনিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে আগামী দিনের ভবিষ্যৎ, তরুণ প্রজন্মকে সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ । শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কালুখালী উপজেলা প্রশাসন সর্বদা শিক্ষক সমাজের পাশে থাকবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ, মাদ্রাসা পর্যায়ের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।