
(শরীয়তপুর প্রতিনিধি:)
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাহেরচর গ্রামে ফরাজি টেক এলাকায় প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর। এতে এলাকায় বেড়েছে চুরি, ডাকাতি ও মাদকদ্রব্যের বিস্তার। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে ধানকাটি ইউনিয়নের আশপাশের গ্রামের সাধারণ মানুষের।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বসে এই জুয়ার আসর। মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে ধানকাটি ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাহেরচর গ্রামের মামুন ফরাজি (৪০) পিতা: জব্বার ফরাজি, ও মোহাম্মদ আলী সরদার (৩৫) পিতা: আজিজ সরদার, বিরদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, মামুন ফরাজি ও মোহাম্মদ আলী সরদার দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তিদেরকে সাথে নিয়ে জুয়ার আসর চালাচ্ছে। টাকা না থাকলে মোবাইল, স্বর্ণ অলংকার সহ দামী জিনিস বন্ধক রেখে খেলা যায় এই জুয়ার আসরে, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অংশ নিচ্ছে। এতে করে যুবসমাজ মাদকের জালে জড়িয়ে পড়ছে, সৃষ্টি হয়েছে এক বিপজ্জনক সামাজিক অবক্ষয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “জুয়া ও মাদকের কারণে আমাদের এলাকার কিশোর ও যুবকরা ধ্বংসের পথে যাচ্ছে। প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করেছে।” এ যেন দেখার কেউ নেই!
এ বিষয়ে ডামুড্যার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, বিগত দিন আমরা জুয়ারিদেরকে বিভিন্নভাবে অভিযান দিয়েছি, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন সামনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।