
ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’কে নিয়ে বার্ষিক মূল্যায়ন জরিপ করেছে শিক্ষার্থীরা। এতে তিনি ১০-এর মধ্যে ২.৪৫ নম্বর পেয়ে ‘খারাপ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় সংস্কার আন্দোলন’ ব্যানারে শিক্ষার্থীরা জরিপের ফলাফল প্রকাশ করেন।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে জরিপে ১০টি বিষয় মূল্যায়নের মধ্যে রাখা হয়। গত ১৮ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১,৩১২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জরিপটি সম্পন্ন হয়। এর মধ্যে আবাসিক শিক্ষার্থী ছিলেন ৮৭৬ জন এবং অনাবাসিক শিক্ষার্থী ৪৩৬ জন।
জরিপে ১০টি বিষয়ের ওপর শিক্ষার্থীরা মতামত দেন। মার্কিং স্কেল ছিল ১–৩ (খারাপ), ৪–৬ (মোটামুটি), ৭–৮ (ভালো) ও ৯–১০ (অতি ভালো)। গড়ে উপাচার্যের প্রাপ্ত নম্বর দাঁড়ায় ২.৪৫।
সংবাদ সম্মেলনে সংগঠনটির প্রতিনিধিরা জানান, বিগত এক বছরে উপাচার্যের কাছ থেকে কেবল আশ্বাস মিলেছে, কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। গত ৯ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ১৫ দফা দাবি উত্থাপন করলেও তার কোনো অগ্রগতি হয়নি বলে জানান তারা।
প্রসঙ্গত, অনলাইন জরিপে শিক্ষার্থীরা সেশনজট নিরসন, সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার প্রক্রিয়া, ক্যাম্পাসে নিরাপত্তা, ইকসু গঠন, আবাসিক হলে খাবারের মান, গবেষণা বাজেট, মেডিকেল সেন্টারের সেবা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও কমনরুম এবং পরিবহন সংকট নিরসনের মতো বিষয়গুলোতে উপাচার্যের বার্ষিক ভূমিকা মূল্যায়ন করেন।