
ইবি প্রতিনিধিঃ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো একটি জাতির ভবিষ্যৎ গড়ার কেন্দ্র। সবাই মিলে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে যে মেধাবীরা বের হন, তারাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি।
আজ শনিবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি বিষয়েই গুরুত্ব দিতে হবে। অনেক সময় ছোট মনে হওয়া কোনো বিষয়ই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণে ভূমিকা রাখে। জুলাইয়ের মতো একটি আন্দোলন সফল হওয়ার পেছনে শিক্ষার্থীদের ভূমিকা ছিল অসাধারণ। তোমাদের দিকেই তাকিয়ে আছে পুরো দেশ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় সহউপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। প্রথম দিনে পাঁচটি অনুষদের শিক্ষার্থীরা ওরিয়েন্টেশনে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয় গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। বিশ্ববিদ্যালয় হলো ধারাবাহিক শিক্ষার সর্বোচ্চ ধাপ। এখানে এসে তোমাদের পূর্ণ জ্ঞান অর্জনের সুযোগ রয়েছে। এর পর আর কোনো ধারাবাহিক শিক্ষার স্তর নেই। তাই এখান থেকেই তোমাদেরকে জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে হবে। যদি এই সুযোগ হারাও, তবে তা আর ফিরে পাওয়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “সফলতার প্রধান শর্ত হলো কঠোর পরিশ্রম। পৃথিবীতে কোনো মানুষ পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করেনি। আজ তোমাদের যে স্বপ্ন, যে লক্ষ্যে এগিয়ে চলা, তা অর্জনের একমাত্র পথ নিরলস প্রচেষ্টা।”