
ইমদাদুল হক রানাঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইঞ্জিনচালিত অবৈধ যান বালিবাহী পটাং গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
রবিবার (গতকাল) দুপুরে বালিয়াকান্দি-নারুয়া সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম মতিয়ার রহমান (৫৫)। তিনি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে। আহত স্ত্রী জোৎস্না বেগম ওরফে রিক্তা (৪৪) বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, মতিয়ার রহমান ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে বালিয়াকান্দি থেকে বাড়ি ফিরছিলেন। শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত অবৈধ বালি টানা গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনই মারাত্মক আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ক্ষোভ প্রকাশ করে এবং অবৈধ পটাং গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”