
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’ রোগ বিষয়ক গবেষণা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (USDA) সহায়তায় গঠিত স্থায়ী তহবিল কর্মসূচির আওতায় প্রকল্পটি উদ্বোধন করা হয়৷
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের লেকচার থিয়েটারে প্রকল্পটির উদ্বোধন হয়।
গবেষণা প্রকল্পটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদুল ইসলাম এবং সহ-গবেষক হিসেবে রয়েছেন প্রফেসর ড. তানজিমা ইয়াসমিন।
গবেষণা প্রকল্পের প্রধান ড. মো. ফরহাদুল ইসলাম বলেন, “এটি একটি ওয়ান হেলথ এপ্রোচ। মানুষ, পশুপাখি ও পরিবেশের সামগ্রিক স্বাস্থ্যকে বিবেচনায় নিয়ে প্রাকৃতিক খাদ্য উপাদান থেকে নতুন ধরনের শক্তিশালী অ্যান্টিবায়োটিক আবিষ্কারের কাজ করা হবে, যা মাল্টিড্রাগ রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম।”
বিশেষজ্ঞদের মতে, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বর্তমানে এক নীরব মহামারি হিসেবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। ২০১৯ সালে কেবল এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রায় ১২ লাখ মানুষের মৃত্যু হয়। এ প্রেক্ষাপটে বাংলাদেশ অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত।
অনুষ্ঠানটিতে আরও জানানো হয়, গবেষণা প্রকল্পটির মাধ্যমে খাদ্য নির্ভর সমন্বিত থেরাপি উদ্ভাবনের প্রচেষ্টা চালানো হবে, যা ভবিষ্যতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপাচার্য ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলো প্রফেসর ড. সালেহ্ হাসান নকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ফেলো প্রফেসর ড. আনোয়ার হোসেন, প্রফেসর ড. ইয়ারুল কবির ও প্রাণ রসায়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ ধরণের গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাওয়া এটি চতুর্থ উদাহরণ।