
রাবি প্রতিনিধিঃ
দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।
আজ (মঙ্গলবার) ২৯ জুলাই গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি সমুজ্জ্বল চাকমা ও সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা রাকসু নির্বাচনের এ উদ্যোগকে “গণতন্ত্র চর্চার নতুন দিগন্ত” হিসেবে আখ্যায়িত করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “রাকসু নির্বাচন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি একটি সুশৃঙ্খল ও গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থার রূপদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা ছাত্র রাজনীতিকে নতুনভাবে প্রাণ ফিরে পেতে সহায়তা করবে এই নির্বাচন।”
তারা আরও বলেন, রাকসু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বিকাশের ক্ষেত্র তৈরি হবে, যা শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করবে।
পিসিপি নেতারা রাকসুতে ‘সংখ্যালঘু জাতিসত্তা বিষয়ক সম্পাদক’ পদ যুক্ত করার দাবি জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহাড়-সমতলের ভিন্ন জাতিসত্তার ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই পদটি অতি জরুরি। এতে সব শিক্ষার্থীর অংশগ্রহণ ও অধিকার নিশ্চিত হবে।”
এছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কিছু প্রস্তাবও তুলে ধরে তারা বলেন, ভোটকেন্দ্র যেন হলভিত্তিক না হয়ে একাডেমিক ভবনকেন্দ্রিক করা হয়, এবং প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করে স্বচ্ছ ও নিরাপদ ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের দিন ধার্য করা হয়েছে।