
প্রতিবেদক দৈনিক নয়া কন্ঠ
আগামী ৫ আগস্ট (সোমবার) সারা দেশে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। দিনটি সরকারিভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ওই দিন সরকারি ছুটির কারণে দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণকারী সব পক্ষকে যথাযথ প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকায় ছাত্র আন্দোলন শুরু হয়, যা দ্রুত ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে। টানা ৩৬ দিন ধরে চলা এই গণআন্দোলন সরকারের বিরুদ্ধে জনসাধারণের ক্ষোভে রূপ নেয়।
সরকার আন্দোলন দমনে গুলি, টিয়ারশেল ও লাঠিচার্জের মতো বলপ্রয়োগের পথ বেছে নেয়। ফেসবুক, পরে পুরো ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পরও আন্দোলন থামানো যায়নি। বরং পরিস্থিতি আরও ঘোলাটে হয়।
অবশেষে ২০২৪ সালের ৫ আগস্ট, আন্দোলনের ৩৬তম দিনে, সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার পতনের মুখে পড়ে। শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা দেশত্যাগে বাধ্য হন। ওই দিনটি এখন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে।
সরকারি ঘোষণার পরিপ্রেক্ষিতে এ দিনটি সাধারণ ছুটি হিসেবে চিহ্নিত হওয়ায় ব্যাংকসহ অন্যান্য সরকারি-বেসরকারি অফিসেও কর্মসূচিতে পরিবর্তন আসতে পারে।