
নিজস্ব প্রতিবেদক দৈনিক নয়া কন্ঠ গোপালগঞ্জঃ
১৬ জুলাই ২০২৫, বুধবার
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত এক সমাবেশকে ঘিরে ভয়াবহ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মৃত্যু নিশ্চিত হয়, এবং পরে আরও একজনের মৃত্যু ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন:
দীপ্ত সাহা (২৫), পিতা সন্তোষ সাহা, উদয়ন রোড, গোপালগঞ্জ শহর
রমজান কাজী (১৮), কোটালীপাড়া
সোহেল মোল্লা (৪১), টুঙ্গীপাড়া
ইমন (২৪), ভেড়ার বাজার এলাকা, সদর উপজেলা
বিকেল পৌনে পাঁচটার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেষ বিশ্বাস দৈনিক নয়া কন্ঠকে জানান, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় এবং তাঁরা সবাই গুলিবিদ্ধ ছিলেন। আহত আরও ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অস্ত্রোপচার চলছে।
পরে রাত সাড়ে সাতটার দিকে নিহতদের তালিকায় আরও একজন যুক্ত হন বলে নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আবদুল্লাহ আল মামুন।
এদিকে ঘটনার বিষয়ে জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কেউই বক্তব্য দিতে রাজি হননি।
ঘটনার পর পরই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানা গেছে।
এনসিপির পক্ষ থেকে এই হামলার জন্য একটি প্রভাবশালী মহলকে দায়ী করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার কথা জানিয়েছে দলটি।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে।