
রায়পুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি :
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সকাল ১১টায় দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭১ সালের এই দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। তাদের হত্যার মাত্র দুই দিন পর, ১৬ ডিসেম্বর, পাকিস্তানি সেনাবাহিনী জেনারেল নিয়াজির নেতৃত্বে আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ নামে একটি জাতির।
উপজেলা নির্বাহী অফিসার ইমরান খানের সভাপতিত্বে এবং কামরুল হাসানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম, মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার খোরশেদ আলম দেওয়ান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তসলিম উদ্দিন পাটোয়ারী এবং বীর মুক্তিযোদ্ধারা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান বলেন, “জাতীয় জীবনে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের গুরুত্ব অপরিসীম। যারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে মুক্ত করেছেন, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আমি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাহসী সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”
তিনি আরও বলেন, “যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের মাধ্যমে আমাদের উচিত তাদের আত্মত্যাগের মহিমা নতুন প্রজন্মের মাঝে তুলে ধরা।”
উক্ত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয় এবং শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।