
স্টাফ রিপোর্টার: মোঃ হাসান খানঃ
দেশে হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজবাড়ী আজাদী ময়দানে জেলা জামায়াতের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ইউনিট সদস্য ও ফরিদপুর অঞ্চলের টিম সদস্য, অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম।
তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের বিচার এখনো সম্পন্ন হয়নি। এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশে আবারও সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। কোনো অপশক্তিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি দেশপ্রেমিক সব নাগরিককে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান।
রাজবাড়ী জেলা জামায়াতের আমির মুহাম্মদ হাসমত আলী হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন: জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি হারুন অর রশীদ, সদর উপজেলা জামায়াতের আমির, অধ্যাপক হেলাল উদ্দিন, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির, মাওলানা সাইদ আহমেদ, রাজবাড়ী পৌরসভার সাবেক আমির, ডা. হাফিজুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজবাড়ী জেলা শাখার সভাপতি, আবু তাহের সহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমির, মুহাম্মদ হাসমত আলী হাওলাদার বলেন, সারা দেশে হত্যা, লুণ্ঠন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও নৈরাজ্য চলছে। এসবের প্রতিবাদ জানাতেই তাঁদের এ কর্মসূচি। সরকারকে দ্রুত জুলাই সনদ মেনে নিয়ে তা বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি বাস্তবায়ন না হলে জামায়াতে ইসলামীসহ ১১-দলীয় জোট দুর্বার গণআন্দোলন গড়ে তুলবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।
সমাবেশটি সঞ্চালনা করেন: জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলিমুজ্জামান। এ সময় জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।