
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথক দুটি অভিযানে নারীসহ ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ খোসালপুর ও শ্যামকুড় বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর ৪টার দিকে খোসালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/৭৮-আর থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে খোসালপুর গ্রামের দেলোয়ার মুন্সীর স’মিলে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে ভারতে যাওয়ার প্রস্তুতিকালে ৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের লিয়াকত সর্দার (৬০), রোজিনা খাতুন (৫২), ইমাম সরদার (৩০), দিঘলিয়া উপজেলার পানিগাতি গ্রামের মহিদুল শেখ (৪৮), নড়াইলের কালিয়া উপজেলার কুলশুর গ্রামের ববিতা খানম (২৬) এবং খুলনার তেরোখাদা উপজেলার বারাসাত গ্রামের হাসিনা বিবি (৭০)।
অন্যদিকে, একই দিন ভোর সাড়ে ৪টার দিকে শ্যামকুড় বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১১০-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। আব্দুল হাইয়ের সিমক্ষেতের পাশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তারা হলেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া গ্রামের রাজীব চন্দ্র দেবনাথ (৩০) এবং হাতিয়া উপজেলার উত্তর রেহানিয়া সূর্যমুখী গ্রামের বিকাশ চন্দ্র মজুমদার (৪৭)।
আটক আটজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।