
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
উৎসবমুখর পরিবেশে রাজশাহী রানার্স কমিউনিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬’। শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হওয়া এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ৬০ জন দৌড়প্রেমী অংশগ্রহণ করেন।
‘রান ফর ক্লিন সিটি, রান ফর গ্রিন সিটি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনটি প্যারিস রোড থেকে শুরু হয়ে কাজলা গেট, বিহাস ও মেহেরচণ্ডী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে এসে শেষ হয়। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা চত্বরে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৌড় শুধু মানুষকে শারীরিকভাবে সুস্থ রাখে না, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে গতির সঞ্চার করে। একটি সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চার প্রসার ঘটলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। রাজশাহী রানার্স কমিউনিটি সুস্থ নগরী গড়ার লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের আয়োজন অব্যাহত রাখার জন্য তিনি সংগঠনটির সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এ স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। ইতোমধ্যে প্রতিটি জেলায় স্টেডিয়াম নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে খেলাধুলার পরিবেশ ও সুযোগ-সুবিধা সম্প্রসারণে ১৬টি টার্ফ এবং ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে। তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য নগরবাসীর সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, একটি সুস্থ ও স্বাস্থ্যসচেতন জাতি গঠনের লক্ষ্যে রাজশাহী রানার্স কমিউনিটি দীর্ঘদিন ধরে মহানগরীতে দৌড় ও শরীরচর্চাবিষয়ক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।
রাজশাহী রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর ও সভাপতি পিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহীর সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবীর উদ্দিন খান। এ ছাড়া উপস্থিত ছিলেন ম্যারাথনের রেস কো-অর্ডিনেটর অধ্যাপক আমিরুজ্জামান, রেস মার্শাল কে এম আরিফ হোসেনসহ রাজশাহী রানার্স কমিউনিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে ছিল ‘টাইম জোন’। সার্বিক সহযোগিতায় ছিল রাজশাহী সিটি কর্পোরেশন, নাবিল গ্রুপ, পোলার, ইবনে সিনা, পুবালী ব্যাংক পিএলসি, কোয়ান্টাম ফাউন্ডেশন, সপুরা সিল্ক, নিউকি, এমসিজি, স্পার্কলিংসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নগরবাসীর মধ্যে দৌড়ের অভ্যাস গড়ে তোলা এবং পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ার প্রত্যয় নিয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হয় এবারের রাজশাহী হাফ ম্যারাথন-২০২৬।