
শাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী ধর্মপুর গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে একটি বসতবাড়ির ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৫টি ছাগল, ৮টি গরু এবং নগদ ৫ লাখ টাকাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে রৌমারী উপজেলার ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর গ্রামের বাসিন্দা মোঃ সিদ্দিক মিয়া, পিতা মোঃ আব্দুল জলিলের বসতবাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং বসতবাড়ির ৪টি ঘর পুড়ে যায়। এ সময় বাড়িতে থাকা গবাদিপশু ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ দাঁতভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বিজিবি সদস্যরা।
উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনাস্থলটি বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সীমান্তের ১০৫৭ নম্বর পিলার থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।