
ওয়াদুদ আহমেদ মিলু লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিনব্যাপী সফরে লালমনিরহাটে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে সকাল সাড়ে ১০টায় তিনি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন।
প্রায় ২২ বছর পর লালমনিরহাটে এলেন তিনি। শেষবার তিনি এই জেলায় এসেছিলেন বিএনপি নেতা হিসেবে। সফরের কর্মসূচি
সফরের শুরুতেই তিনি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এরপর দুপুরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি শেষে বিকেলে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড়
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা শহরে নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। জেলাজুড়ে ছিল উৎসবের আমেজ।
এ সময় সাধারণ মানুষ তিস্তা মেগা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে তিস্তা পরিকল্পনাসহ লালমনিরহাটের দীর্ঘদিনের উন্নয়ন দাবিগুলো বাস্তবায়নের পথ সুগম হবে।
কর্মসূচি শেষে সন্ধ্যায় হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।