
নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও স্বাভাবিক রয়েছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, দীপাবলি উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, ভারতের পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ছুটি শেষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।এদিকে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে পণ্যজট সৃষ্টির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।বন্দরসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের অন্যতম বৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে প্রতিদিন ভারতের সঙ্গে প্রায় ৬০০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি-রপ্তানি হয়ে থাকে। এ ছাড়া চিকিৎসা, ব্যবসা ও ব্যক্তিগতসহ নানা প্রয়োজনে প্রতিদিন তিন হাজারের বেশি পাসপোর্টধারী যাত্রী এ পথে যাতায়াত করেন।