
নুর হোসেন শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে শাড়ি, কম্বল, চাদর, প্রসাধনসামগ্রী, খাদ্যপণ্য ও ওষুধ রয়েছেরোববার (৮ নভেম্বর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।বিজিবি সূত্রে জানা গেছে, চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ১৩৪টি শাড়ি, ১২টি কম্বল, ২৫টি চাদর, ৫০০ গ্রাম জিরা, ৩২ প্যাকেট ফুচকা, ৬ কেজি ৫০০ গ্রাম কিশমিশ, ১২০টি চকলেট, ১২টি ওষুধসামগ্রী এবং ১ হাজার ২৫০টি প্রসাধনসামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৭০ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং পাচারচক্রের সদস্যদের শনাক্ত ও আটক করতে বিজিবি বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে।তিনি বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।বিজিবির এই কর্মকর্তা আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়া বন্ধ এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তবে সর্বশেষ অভিযানে জব্দ করা পণ্যগুলোর সঙ্গে জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।