
দর্শনা দামুড়হুদা উপজেলা প্রতিনিধি সেলিম মেহফুজ মিল্টন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ইউনিয়ন থেকে আশা রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাশেম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবুল কালামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় বক্তারা আরো বলেন, “ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল, জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়েছিল। “৭ নভেম্বরের চেতনা আমাদের শেখায়, দেশ ও জাতির স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশের প্রশ্নে আমাদের সবাইকে এক কাতারে দাঁড়াতে হবে।