
স্টাফ রিপোর্টার ( মোঃ হাসান খান)
রাজবাড়ী শহরের কাপড় বাজারে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে পুলিশের উপস্থিতিতে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান হিসেবে প্রচার করা হলেও এর সঙ্গে অধিদপ্তরের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে সংস্থাটি।
রোববার (৩০ আগস্ট) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ আগস্ট রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এবং ৩০ আগস্ট কালুখালী উপজেলার মৃগী বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন ভোক্তা-অধিকারবিরোধী কার্যক্রমের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন অনুযায়ী জরিমানা করা হয়। তবে রাজবাড়ী সদর উপজেলার কাপড় বাজারের আস্থা বস্ত্রালয়কে কেন্দ্র করে যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তার সঙ্গে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয় বা অধিদপ্তর পরিচালিত কোনো অভিযানের সম্পর্ক নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ভিডিওতে থাকা নারী জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ বিষয়ে কোনো অভিযোগও করেননি বলে জানানো হয়েছে।
অধিদপ্তর বলেছে, ঘটনাটিকে তাদের অভিযান হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অপপ্রচার। এ ধরনের তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের কার্যক্রম ও অভিযান সম্পর্কে সঠিক তথ্য জানতে অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।