
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, রাসেল আলীর নেতৃত্বে গাঁজাসহ আটক ৩
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীতে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর লোকোশেড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের আব্দুল মালেক সর্দারের ছেলে মো. রিয়াজ সর্দার (২৬), আটাশ কলোনি এলাকার মৃত আব্দুল হাই খানের ছেলে খালেদ হাসান (৫০) এবং দয়াল নগর এলাকার মৃত আজিমুদ্দিন শেখের ছেলে মো. সেলিম শেখ (৫০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন ওই তিনজনের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের ঘটনাস্থল থেকে আটক করা হয়।
আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে রিয়াজ সর্দার ও সেলিম শেখকে ১০০ টাকা করে মোট ২০০ টাকা এবং খালেদ হাসানকে ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিনোদপুর লোকোশেড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পৃথক অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।