
জোবায়দুল হোসেন গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পরপর দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতৃবৃন্দ জানায়, সন্ধ্যায় ফোরলেন মহাসড়কের আন্ডার পাসের উপর থেকে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয় লক্ষ্য করে পরপর দুইটি ককটেল নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে বিকট শব্দ হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবাদে ধাপেরহাট ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপিকে দমানো যাবে না। ধাপেরহাট ইউনিয়ন বিএনপি অতীতেও সকল ষড়যন্ত্র মোকাবিলা করেছে, আগামীতেও ঐক্যবদ্ধ ভাবে তা মোকাবিলা করবে।