
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলায় হামের (মিজলস) প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (১৭ মে ২০২৬ সকাল ৮টা পর্যন্ত) জেলায় নতুন করে ৪২ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ১ হাজার ৪৫২ জন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১১ জন।
উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, নতুন শনাক্তদের মধ্যে সালথায় সর্বোচ্চ ২২ জন এবং বোয়ালমারীতে ২১ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন, মধুখালীতে ৩ জন ও নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছে। আলফাডাঙ্গায় নতুন কোনো রোগী পাওয়া যায়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৫২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮ জন রোগী।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৪ জন হাম রোগী। বর্তমানে সেখানে মোট ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটি থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন রোগী।
দুই হাসপাতাল মিলিয়ে বর্তমানে মোট ১৪০ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি শিশুদের হাম প্রতিরোধে নিয়মিত টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।