
ইমদাদুল হক রানা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের পেঁয়াজ বাজার চত্বরে গতকাল রবিবার এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জাকের পার্টির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন,
“দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে জাকের পার্টি অবিরাম কাজ করে যাবে।”
তিনি বলেন, স্বাধীনতার পর যারা জব্বার টুপি পরে নারী নির্যাতন ও লুটপাটে লিপ্ত হয়েছিল, তারাই আজ জনসাধারণকে ধোঁকা দিয়ে ভোটের রাজনীতি করছে। কিন্তু জাকের পার্টি সবসময় ন্যায়, শান্তি ও মানবতার রাজনীতি করে আসছে এবং করবে।
কাঞ্চন বিশ্বাস আরও বলেন,
“যারা ইসলামের দাওয়াতের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তারা প্রকৃত ইসলামবিরোধী। আমরা ঘোষণা দিচ্ছি — সন্ত্রাসী হামলার দিন শেষ। শান্তিপ্রিয় সব মানুষ, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে উৎসব পালন করতে পারে — সেটাই আমাদের লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, “৭১ সালে যারা দাড়ি রেখে নারীদের নির্যাতন করেছে, তারাই আজ ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। অথচ জাকের পার্টির কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে কখনো নারী নির্যাতনের অভিযোগ ওঠেনি। যারা মসজিদ ভাঙছে, মাজারে আগুন দিচ্ছে, নারী ধর্ষণ করছে — তাদের বিরুদ্ধে কেন কেউ মুখ খুলছে না?”
তিনি বলেন, দেশের কৃষক, খেটে খাওয়া মানুষ ও নিপীড়িত জনতার পাশে সবসময় জাকের পার্টি ছিল, আছে এবং থাকবে।
“অনেকে বলে, জাকের পার্টি সিট পায় না কেন? আমি বলি, সুষ্ঠু নির্বাচন দিন — আল্লাহর রহমতে জাকের পার্টি সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করবে।”
সভায় সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. ফিরোজ মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন — জেলা জাকের পার্টির যুগ্ম টিম প্রধান মো. শহিদুল ইসলামিয়া, জেলা টিম সদস্য নুরুল ইসলাম মোল্লা, জহির উদ্দিন মৃধা, আশরাফ আলী মৃধা, মোশারফ ফকির, আব্দুর রাজ্জাক, মহিউদ্দিন সরদার, আব্দুস সালাম জিহাদী, কুদ্দুস সর্দার, সুরুজ খান, আশরাফুল ইসলাম, আমজাদ, মুক্তার হোসেন, মঞ্জু শেখ, আলী মোল্লা প্রমুখ।
প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীরা র্যালি নিয়ে বহরপুর বাজারের অলিগলি প্রদক্ষিণ করে সভাস্থলে আসেন এবং এক বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।