
মো শারীদ মোল্লা বিশেষ প্রতিনিধিঃ
আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রমও চলমান থাকবে।
শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যা, যুদ্ধ-সংঘাতসহ নানা বিষয় তুলে ধরেন। তরুণদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস।
গণতান্ত্রিক সংস্কার
ভাষণে তিনি জানান, ভেঙে পড়া রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের জন্য সরকার ১১টি সংস্কার কমিশন গঠন করেছে। লক্ষ্য হলো ক্ষমতার ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো গড়ে তোলা, যেখানে স্বৈরশাসনের কোনো সুযোগ থাকবে না।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে যৌথভাবে দেওয়া ‘জুলাই ঘোষণা’ উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে অনিশ্চয়তার অবকাশ থাকবে না।
অর্থনৈতিক সংস্কার ও সম্পদ পুনরুদ্ধার
অধ্যাপক ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের উন্নয়ন কৌশলের কেন্দ্রবিন্দুতে রয়েছে সুশাসন, সামাজিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন। তিনি বিগত সরকারের দুর্নীতি ও অর্থপাচারের বিষয় তুলে ধরে বলেন, শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে। এ সম্পদ ফেরত আনার প্রচেষ্টা চলছে, তবে সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতা ছাড়া তা সম্ভব নয়।
তিনি দেশগুলোকে আহ্বান জানান, পাচারকৃত সম্পদ ফেরত দিয়ে প্রকৃত মালিক—কৃষক, শ্রমিক ও সাধারণ করদাতাদের কাছে ফিরিয়ে দিতে। একই সঙ্গে কঠোর আন্তর্জাতিক আইন প্রণয়ন ও প্রয়োগের প্রস্তাব করেন।
মিথ্যা সংবাদ ও বিভ্রান্তি
বর্তমানে বিভ্রান্তিমূলক প্রচারণা ও ঘৃণাত্মক বক্তব্যকে গুরুতর উদ্বেগজনক বলে উল্লেখ করেন ইউনূস। তিনি বলেন, ডিপফেকসহ পরিকল্পিত মিথ্যা প্রচারণা মানুষের পারস্পরিক আস্থা ও সামাজিক সম্প্রীতিকে দুর্বল করছে। এ বিষয়ে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকট
মিয়ানমারে চলমান সংঘাতকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, রোহিঙ্গাদের অধিকারবঞ্চনা ও নির্যাতন বন্ধ করতে হবে। রাখাইনের সমস্যার রাজনৈতিক সমাধান এখনই জরুরি।
তিনি জানান, তহবিল সংকটে রোহিঙ্গা শিবিরগুলোর ন্যূনতম জীবনমানও ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।
গাজা পরিস্থিতি
গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেন, সবার চোখের সামনেই গণহত্যা চলছে, অথচ কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।