
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
তৃণমূল পর্যায়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মোট ২৫০ জন নারী উদ্যোক্তার হাতে এই চেক তুলে দেওয়া হয়।২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কার্যক্রমে পাঁচটি ভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী নারীদের প্রশিক্ষণ দিনের ভিত্তিতে ভাতা প্রদান করা হয়। ৪০ দিনের প্রশিক্ষণ সম্পন্নকারীরা ৬,০০০ টাকা এবং ৮০ দিনের প্রশিক্ষণ সম্পন্নকারীরা ১২,০০০ টাকা করে ভাতা গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মোঃ মোহছেন উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ী নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জনাব মোঃ মামুন হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম। বক্তারা নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্পের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন।
আয়োজকরা জানান, এই উদ্যোগ নারীদের আত্মকর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। তারা আশা করেন, প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেয়ে নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।অনুষ্ঠানটি আয়োজন করে “তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, সরিষাবাড়ী, জামালপুর”।