
শরীয়তপুর প্রতিনিধি:
ঐতিহ্যবাহী হজরত খাজা শরফুদ্দিন চিশতী (রহ:) এর মাজার শরীফ (হাইকোর্ট মাজার) স্থানান্তর চক্রান্ত, কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপর হয়রানী মূলক মিথ্যা মামলা ও রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে প্রকাশ্যে পুড়িয়ে দেওয়া-সহ দেশের বিভিন্ন মাজার ও দরবার শরিফে হামলা ভাঙচুরের প্রতিবাদে শরীয়তপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে শরীয়তপুর সদর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় তিন শতাধিক ভক্ত-অনুসারী অংশ নেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফ্রন্ট শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা গাজী মোহাম্মদ ফারুক আবেদী, মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা নিজাম উদ্দিন জিহাদী, মো: নুরুলামিন মোল্লা, মো: অনন চোকদার, প্রমুখ।
বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হজরত খাজা শরফুদ্দিন চিশতী (রহ:) মাজার শরীফ স্থানান্তরের চক্রান্ত, গিয়াস উদ্দিন তাহেরি-সহ কেন্দ্রীয় নেতা কর্মীদের উপর হয়রানি মূলক মিথ্যা মামলা, দেশের বিভিন্ন দরবার ও মাজার শরিফে হামলা ভাঙচুর, এবং নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং চরম অমানবিক কাজ। দ্রুত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।