
রাজশাহী ব্যুরোঃ
মহানগরীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ। আজ সোমবার সকাল ১১টায় র্যাব-৫ সদর দপ্তরে এই সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়ের সময় লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ র্যাব-৫ এর কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা এবং সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। “অনেক সময় সমাজে ঘটে যাওয়া অনিয়ম ও দুর্নীতি সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই মানুষের সামনে উঠে আসে।” তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দেন এবং কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই-বাছাই করার গুরুত্ব তুলে ধরেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে লেফটেন্যান্ট কর্নেল পারভেজ জানান, র্যাব-৫ সর্বদা অপরাধ ও মাদক নির্মূলের কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, “আমরা অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় প্রস্তুত। ভবিষ্যতে অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া র্যাব-৫ জঙ্গিবাদ, মাদক, অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যকলাপ দমনে সর্বদা সক্রিয় রয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, র্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা। সভা শেষে সাংবাদিকরা র্যাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। এই মতবিনিময় সভা র্যাব ও সাংবাদিক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।