
মো শারীদ মোল্লা নয়া কণ্ঠ ডেস্কঃ
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মোঃ রানা মিয়া ওরফে বোতল রানা (২৫) কে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার (২৬ জুলাই) দুপুর ২টায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা গ্রামের মৃত আহম্মদ আলী শেখের ছেলে সিদ্দিক শেখ (৪৫)-এর নিকট চাঁদা দাবি করে বোতল রানা, পুড়া পলাশ, খুর মানিক, কুটি বিশ্বাস, লাবলু এবং আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি। চাঁদা না দেওয়ায় গত ১৪ জুলাই দুপুর দেড়টায় রাজবাড়ী সদর হাসপাতালের সামনে সিদ্দিক শেখের ওপর চাপাতি ও লোহার রড দিয়ে হামলা চালানো হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
এই ঘটনায় ১৫ জুলাই রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা ডিবি যৌথভাবে অভিযানে নামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে বোতল রানাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তার দেখানো মতে হামলায় ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার ৫ আসামির মধ্যে বোতল রানা সহ মোট ৪ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে এবং বোতল রানাকে রবিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।