1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

অধ্যাপক ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর:

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। বুধবার (২৩ জুলাই) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় এ দাবি জানান তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এই সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। অভ্যুত্থানের পর আমরা রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে চেয়েছিলাম। কিন্তু এখনো স্বাস্থ্যব্যবস্থা ও আইনশৃঙ্খলার কোনো পরিবর্তন চোখে পড়ে না। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা আসলে ড. মুহাম্মদ ইউনূসের ভাই-ব্রাদার কোটায় এসেছেন। ড. ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই উপদেষ্টা। আমি সব সময়ই বলেছি, এই উপদেষ্টার কোনো প্রয়োজন নেই।”

তিনি আরও বলেন, “নূরজাহান বেগম স্বাস্থ্যব্যবস্থা ও চিকিৎসা বিষয়ে কিছুই বোঝেন না। তার একমাত্র যোগ্যতা হলো, তিনি গ্রামীণ ব্যাংকে ছিলেন এবং ড. ইউনূসের ঘনিষ্ঠ। অথচ তিনিই এখন দেশের স্বাস্থ্য খাত পরিচালনা করছেন। আর নিজের চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে যান। জনগণের টাকায় বেতন নিয়ে যিনি দেশের জন্য কিছুই করতে পারেন না, তার উচিত অনতিবিলম্বে পদত্যাগ করা।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক হিসেবেও পরিচিত হাসনাত বলেন, “আমরা তাকে নিয়ে কথা বললে উনি বিরক্ত হন। এরপর থেকে আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগ রাখেননি।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক ও চাঁদপুরের সন্তান নাসিরুদ্দিন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।

এ সময় তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেন, “এই দুর্ঘটনার মাঝেও আওয়ামী লীগ আবার রাজনীতিতে ফ্যাসিবাদী উত্থানের চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, আওয়ামী লীগের সেই পথ আগেই বন্ধ করা হয়েছে। এবার যদি ফিরে আসার চেষ্টা করে, আমরা তাদের রাজনৈতিকভাবে সম্পূর্ণভাবে মুছে দেব।”

এর আগে সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা চাঁদপুর সার্কিট হাউসে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। চাঁদপুরের পথসভার পর ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেতারা কুমিল্লার উদ্দেশে রওনা দেন। পথে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন এবং শাহরাস্তির দোয়াভাঙ্গায় আরেকটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD