
মো শারীদ মোল্লা স্টাফ রিপোর্টার, নয়া কণ্ঠঃ
রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে এ আশ্বাস দেন প্রধানমন্ত্রীর আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “শিক্ষার্থীদের সব দাবি অত্যন্ত যৌক্তিক। সরকারের পক্ষ থেকে প্রতিটি দাবি পূরণে পদক্ষেপ নেওয়া হবে। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এবং একটি কন্ট্রোল রুম গঠন করে হতাহতদের সঠিক তথ্য জানানো হবে। জনবহুল এলাকায় যাতে আর প্রশিক্ষণ বিমান না চলে, সে বিষয়ে বিমানবাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।”
শিক্ষার্থীদের সঙ্গে ঘটে যাওয়া অসদাচরণের জন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, “যে বাহিনী খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
শিক্ষার্থীদের দাবিগুলো হলো:
১. নিহতদের নাম ও ঠিকানা প্রকাশ
২. আহতদের নির্ভুল তালিকা
৩. শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারের নিঃশর্ত ক্ষমা
৪. ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল
৬. প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার
তবে আইন উপদেষ্টার আশ্বাসের পরও শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে বিক্ষোভ চালিয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে তারা জুতা ও বোতল ছুড়ে মারে। পরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।